দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সূচনা হয়।
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা ক্রীড়া অফিস এই আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাসপিন মাহমুদ অমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মণি, জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভী, সাংবাদিক রফিক মজিদ, মো. শওকত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী।
প্রশিক্ষণের জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে ৪০ জন বালক ও বালিকাকে নির্বাচিত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দলে অন্তর্ভুক্তির জন্য সেরা প্রতিভাবানদের প্রেরণ করা হবে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল মান্নান, মো. মনিরুজ্জামান ও মো. আলমগীর হোসেন।








