ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক ।।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দাপুটে খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের পক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। এজন্য আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসছেন তিনি। তবে ঢাকায় না নেমে সরাসরি সিলেটে নামবেন এবং সেখান থেকে যাবেন নিজ জেলা হবিগঞ্জে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে নামার কথা হামজা চৌধুরীর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার আগমনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিলেট থেকে ঢাকায় আসা এবং পরে ভারতে যাওয়া পর্যন্ত বিশেষ গাড়ি এবং একজন অফিসিয়াল সার্বক্ষণিক তার সঙ্গে থাকবেন।
> ফাহাদ করিম বলেন, “সিলেট বিমানবন্দরে বাফুফের নির্বাহী সদস্যরা তাকে স্বাগত জানাবেন। তবে সময় স্বল্পতার কারণে কোনো সংবর্ধনার আয়োজন করা হয়নি।”
বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্ত?
হামজা চৌধুরীর জাতীয় দলে অন্তর্ভুক্তি বাংলাদেশের মিডফিল্ড শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবেন, তা বোঝা যাবে ভারতের বিপক্ষে তার অভিষেক ম্যাচেই। মাঠের পারফরম্যান্সই বলে দেবে, তিনি কতটা পার্থক্য গড়ে দিতে পারেন।
হামজা চৌধুরীর অভিষেক নিয়ে ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন ধরে অধির অপেক্ষায় রয়েছেন। এখন দেখার বিষয়, জাতীয় দলের হয়ে কেমন পারফর্ম করেন তিনি।






