মোঃ নমশের আলম।।
শেরপুরে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
শুক্রবার (৩১ মে) দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রথটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নয়নীবাজার কালীমাতা মন্দির হয়ে পুনরায় গোপাল জিউর মন্দিরে ফিরে আসে।
‘হরে কৃষ্ণ’ ধ্বনি, কীর্তন ও উলুধ্বনিতে মুখর ছিল গোটা শহর। রথ টানার এ আয়োজনে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রথযাত্রা ঘিরে ধর্মীয় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে শহরের নানা প্রান্তে।
উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এ আয়োজন।
উল্লেখ্য, আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, যা দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের রথযাত্রা উৎসবের।








