দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিভরে পালিত হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব। ৩ জুন (মঙ্গলবার), বাংলা ১৯ জ্যৈষ্ঠ— দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয় শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দিরে।
উৎসবকে ঘিরে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। ভক্তরা লোকনাথ ব্রহ্মচারীর প্রতিকৃতিতে প্রণাম, বাল্যভোগ, প্রসাদ বিতরণ, রাজভোগ ও পুনরায় বিকালে প্রসাদ বিতরণে অংশ নেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক আরতী ও সঙ্গীতানুষ্ঠান। এতে শিশু-কিশোর থেকে শুরু করে নারীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ধর্মীয় স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।
মন্দিরের পুরোহিত আশুতোষ চক্রবর্তী বলেন, “লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের মিলনমেলা বসেছে আজ মন্দির প্রাঙ্গণে। এটা শুধু উৎসব নয়, একধরনের আত্মিক সংযোগ।”
মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা জানান, “প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং ধর্মীয় মর্যাদায় তিরোধান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আগত ভক্তদের সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।”
উৎসবটি শুধু ধর্মীয় আয়োজনে সীমাবদ্ধ না থেকে এক সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আসে— এমনটাই মনে করছেন স্থানীয়রা।








