দৈনিক শেরপুর রিপোর্ট :
আবহমান বাংলার লৌকিক সংস্কৃতির অংশ হিসেবে শেরপুরে পালিত হলো চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের শেষ দিনটি, অর্থাৎ ১৩ এপ্রিল রোববার, শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। সভাপতিত্ব করেন সঞ্চিতা হোড় দীপু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক করুনা দাস কারুয়া।
রবীন্দ্রসংগীত পরিষদ ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। শিল্পীদের পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তি, নৃত্য এবং রবীন্দ্রসংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা।
চৈত্র সংক্রান্তিকে ঘিরে এমন আয়োজনে জেলা শহরের সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। উপস্থিত দর্শক-শ্রোতারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রতি বছর এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।








