শেরপুর প্রতিনিধি:
শেরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’ এর বার্ষিক সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের গৌরীপুরস্থ ‘ডপস’ শিক্ষার্থী ম্যাসে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব উল আহসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান এবং বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়াও অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, বিশিষ্ট কবি হাসান শরাফতসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ‘ডপস’ সদস্যরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের দিকনির্দেশনা
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“ডপস যে সমাজসেবামূলক কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে একটি আলোকিত সমাজ গঠনের পথ সুগম করা।”
অতিথিরা সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা দেন।
ডপসের প্রতিষ্ঠাতার বক্তব্য
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি বলেন, “ডপস পরিবারের লক্ষ্য শেরপুরের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখা। আমরা বিশ্বাস করি, শিক্ষার উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব। জেলা প্রশাসনের সহযোগিতা আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে।”
ইফতার ও দোয়া মাহফিল
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ প্রশংসিত হচ্ছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তন হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।








