ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
ভারত সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়সংলগ্ন এলাকায় বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
শনিবার (১ জুন) দুপুরে তিনি উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও হালচাটি এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও টর্চ লাইট বিতরণ করেন।
বন্য হাতির হামলায় পাঁচটি বাড়ি-ঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
সহায়তা প্রদানের সময় দরবেশতলা এলাকার শ্রমিক মো. মোস্তফাকে ঘর সংস্কারের জন্য দুই বাণ্ডেল ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকা, আব্দুল জলিলকে এক বাণ্ডেল ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকা দেন বিএনপি নেতা রুবেল। এছাড়া হালচাটি এলাকায় বন্য হাতি তাড়াতে স্থানীয়দের মাঝে টর্চ লাইটও বিতরণ করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মোকাম্মেল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিএনপি নেতা রুবেল বলেন,
> “গত এক মাস ধরে সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্য হাতির তাণ্ডব চলছে। গণমাধ্যমে এসব খবর প্রচারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর হয়। তার নির্দেশেই ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি এবং আগামীতেও পাশে থাকব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
> “মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”








