নিজস্ব প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় শহরের তিনআনী বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে এই প্রতীকী দৌড় শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে মাধবপুর পৌরপার্ক সংলগ্ন নির্মাণাধীন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ গিয়ে শেষ হয়।
প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম এমানুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মামুনুর রহমান প্রমুখ।
প্রতীকী ম্যারাথনে অংশ নেন— জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য, আহত যোদ্ধারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়াবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনের চেতনা জাতিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দেয়। সেই চেতনার প্রতীক হিসেবেই আজকের এ আয়োজন।”
আয়োজকরা জানান, আগামী বছর জুলাই গণঅভ্যুত্থান দিবস আরও বৃহৎ পরিসরে উদযাপন করা হবে।








