নিজস্ব প্রতিবেদক, শেরপুর :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃস্থানীয় মুখ তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করা হচ্ছে। তারা বলেন, “তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁকে নিয়ে কটূক্তি করা মানেই দেশের গণতন্ত্রে আঘাত হানা।” বক্তারা অবিলম্বে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার শতাধিক নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।








