ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। তিনি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কবিরাজপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে অটোরিকশাটি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন : উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হক সানি, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান, গোল্ডেন কো-অপারেটিভ এর প্রতিনিধি মামুন মিয়া, ‘ডোনেট ২০ টাকা’ এর প্রতিষ্ঠাতা হাসিব আল তুহিন, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিনিধি জাহিদুল হক মনির, “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান, ঝিনাইগাতী হেল্পলাইনের প্রতিনিধি মোরাদ হোসেন (চান), আলোর সন্ধানে আসি সংগঠনের আশিকুর রহমান, বিউটি অব ঝিনাইগাতীর প্রতিনিধি নিবির আল দিন, স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম
রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করে আসছিলেন। একমাত্র উপার্জনের মাধ্যম ছিল একটি প্যাডেল রিকশা, যা দিয়ে চার সদস্যের পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছিল। তার দুই সন্তান এখনো শিক্ষার্থী—একজন সপ্তম শ্রেণিতে পড়ে, অপরজন সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছে।
এই মানবেতর জীবনযাত্রার কথা জানার পর পাশে দাঁড়ায় “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠন। সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান ও তার সহযোগী সিয়াম আহমেদ, হুমায়ুন কবির ও রাকিব হাসানের নেতৃত্বে অটোরিকশা উপহারের উদ্যোগ নেয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় : “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রফিকুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। তার মতো অসহায় মানুষদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।”








