নিউজ ডেস্ক :
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৭ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিস চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া। প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন বিভাগের বালিজুরী বিট কর্মকর্তা আব্দুর রাকিব, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, সামাজিক বনায়নের উপকারভোগীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, ইআরটি (Elephant Response Team) দলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া তার বক্তব্যে বলেন, “মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ নিয়মিত কাজ করছে। ইতিমধ্যেই রাজা পাহাড়ে ৪০ একর জমিতে হাতির আবাসস্থল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বন বিভাগের স্বেচ্ছাসেবক দল প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলে যাচাই-বাছাই শেষে অনুদান দেওয়া হয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “সীমান্ত অঞ্চলের মানুষজনকে হাতি থেকে সুরক্ষিত রাখতে সরকার কাজ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা সরকারের একটি মানবিক উদ্যোগ। পাশাপাশি তিনি বন আইন মেনে চলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।”
উল্লেখ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে খাবারের সন্ধানে বনাঞ্চল থেকে নেমে আসা বন্য হাতি শেরপুরের বিভিন্ন সীমান্তগ্রামে ফসলের ক্ষতি করে ও ঘরবাড়িতে হামলা চালায়। এ অবস্থায় সরকার ও বন বিভাগ ক্ষতিগ্রস্তদের সহায়তায় নানা উদ্যোগ নিয়ে থাকে।








