নিজস্ব প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা শহরের নিউমার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফারাজী।
বক্তারা বলেন, ‘দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে পরিকল্পিতভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিলো। এখন যারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।’
এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।








