নিজস্ব প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর থানা ঘাট থেকে হুমায়ুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হুমায়ুন নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের ছেলে বলে পুলিশ জানিয়েছে। এর আগে সোমবার দুপুরে আড়াইআনী বাজার চেয়ারম্যান বাড়ি নদীর ঘাট এলাকায় ভাসমান অবস্থায় হুমায়ুনের ব্যবহৃত দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে হুমায়ুন বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হন। রোববার বিকেলে স্ত্রীর সঙ্গে একবার মোবাইল ফোনে তার কথা হয়। তখন তিনি নকলা এলাকাতেই ছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে সোমবার সকালে স্থানীয়রা ভোগাই নদীর আড়াইআনী বাজার চেয়ারম্যান বাড়ি পাকা ঘাটের নিচে নদীতে সিএনজি অটোরিকশাটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ সিএনজিটি উদ্ধার করে। পরে সন্ধ্যায় কিছুটা ভাটিতে নদীতে ভাসমান অবস্থায় হুমায়ুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “চেয়ারম্যান বাড়ি নদীর ঘাটের রাস্তাটি সরাসরি নদীতে গিয়ে শেষ হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন ও ঘটনার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওই রাস্তা অপরিচিত হওয়ায় হুমায়ুন রাতে দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিসহ নদীতে পড়ে যান এবং এতে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে” বলে জানান ওসি।








