স্টাফ রিপোর্টার :
“আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদীরা যেন আবারও প্রতিষ্ঠা না পায়, সেদিকে সবার তৎপর থাকতে হবে।”— এমন মন্তব্য করেছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
শনিবার (৬ জুলাই) রাতে শেরপুর পৌর শহরের মাধবপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “একটি দলে গঠনমূলক প্রতিযোগিতা থাকবেই, তবে গ্রুপিং করে দলের প্রতীককে অসম্মান করা যাবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা শেরপুরের তিনটি আসন উপহার দেবো। সেই লক্ষ্যেই আমাদের সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াংকার বাবা মো. হযরত আলী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সহ অর্ধশতাধিক সাংবাদিক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমরা আগামী দিনে দলের ভেতর বৃহৎ ঐক্য গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে তিনটি আসনেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাহেক রহমানকে উপহার দিবো, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই উপস্থিত সম্মানিত সকল মিডিয়া ভাইদের বলছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের কোন ভুল ত্রুটি হলে সে বিষয়েও জানাবেন।
সদর উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক এবং সাবেক জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী বলেন, বিগত দিনে শেরপুর জেলায় দৃশ্যত কোন উন্নয়ন হয়নি যা হয়েছে স্থানীয় নেতা-কর্মী, চেয়ারম্যান, এমপি এবং মন্ত্রীদের হয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এবং ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে আমরা শেরপুরে রেল লাইন, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, কৃষি শিল্প প্রতিষ্ঠান ও পর্যটন খাতকে উন্নয়নের জন্য কাজ করে যাবো। এ বিষয়ে ইতিমধ্যে আমার সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা হয়েছে, তিনিও আশ্বাস দিয়েছেন শেরপুরের তিনটি আসন তাকে উপহার দিতে পারলে এ বিষয়টি দেখবেন।








