নিজস্ব প্রতিবেদক ❘
ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা। কিন্তু ঈদের আনন্দ আর হল না—ঢাকা থেকে শেরপুরে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্য। নিহতরা হলেন—আমজাদ মণ্ডল (৫৫), তার বড় ছেলে রাহাত (২৬) এবং কনিষ্ঠ পুত্র অতুল মণ্ডল (১৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন আমজাদের স্ত্রী মাকসুদা বেগম (৩৫) এবং পুত্রবধূ মরিয়ম (১৮)।
মঙ্গলবার (৩১ মে) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার করটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে শেরপুর ফিরছিলেন। করটিয়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কামারেরচর গ্রামের বাসিন্দা। তবে তারা ঢাকার মাদারটেক এলাকায় বসবাস করতেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে টাঙ্গাইল জেলা পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি পরিবারের কাছে পৌঁছায়।
দুর্ঘটনার শোক যেন ঘনিয়ে এসেছে পুরো এলাকায়। রাতেই পারিবারিক কবরস্থানে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয় নিহত বাবা ও দুই ছেলেকে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।








