দৈনিক শেরপুর রিপোর্ট ||
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন দোকান, ক্লাবঘর ও বসতবাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নের ২,৫৫৫ জন উপকারভোগীর জন্য মোট ২৫,৫৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। বিতরণ চলাকালে অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালায় এবং ১১৫ বস্তা চাল জব্দ করে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রকৃত দরিদ্র অনেকে স্লিপ পাননি। বরং কিশোরদের হাতে একাধিক স্লিপ দেখা যায়, যারা চাল উত্তোলন করে তা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে। অভিযোগ রয়েছে, কিছু ইউপি সদস্য গোপনে স্লিপ বিক্রি করেছেন এবং কিশোরদের মাধ্যমে চাল তুলে তা বিক্রি করেন।
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেনের উপস্থিতিতে এসব অনিয়ম ঘটেছে বলেও স্থানীয়রা অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন দাবি করেন, “আমি বরাদ্দ অনুযায়ী স্লিপ বিতরণ করেছি। কেউ গোপনে স্লিপ বিক্রি করলে তা আমার জানা নেই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








