স্টাফ রিপোর্টার :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
২৪ মে (শনিবার) দুপুরে গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ সর্বসাধারণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ইসরাত পুতুল, কালচারাল অফিসার মো. আতিকুর রহমান এবং জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন।
পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ও সাধারণ শ্রেণির জন্য পৃথক তিনটি ক্যাটাগরিতে মোট ছয়টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।








