নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ২৬৪ জন নারীকে প্রতি মাসে ৩০ কেজি হারে তিন মাসের একত্রে মোট ৯০ কেজি চাল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান, কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, তদারক কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন রনি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভিডব্লিউবি কর্মসূচির দুই বছর মেয়াদ শেষ হলেও আসন্ন ঈদুল আযহা ও দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে সরকার আরও তিন মাস মেয়াদ বৃদ্ধি করেছে। ফলে পূর্ববর্তী সুবিধাভোগীরাই এই বর্ধিত মেয়াদের আওতায় রয়েছেন।
তথ্য অনুযায়ী, নকলার নয়টি ইউনিয়নের মোট ২ হাজার ১৬৯ জন নারী এই কর্মসূচির উপকারভোগী। এর মধ্যে পাঠাকাটা ইউনিয়নে ২৬৪ জন, চন্দ্রকোনা ইউনিয়নে ২৯৯ জন এবং চরঅষ্টধরে ২৬৬ জন নারী রয়েছেন।








