নিজস্ব প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে চোরাচালানের মাধ্যমে আনা ১ হাজার ১৪০ কেজি ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ মে) ভোরে উপজেলার মন্ডলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের উমর ফারুক (৩২) এবং তারানী গ্রামের আশরাফুল করিম রাসেল (৩০)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া এলাকায় ওত পেতে থাকে পুলিশ। এ সময় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরাবোঝাই একটি ভটভটি গাড়ি নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। পুলিশের সংকেত পেয়ে গাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে দুইজনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা সম্ভব হয়।
পরে ভটভটি ভর্তি ৩৮ বস্তায় থাকা ১ হাজার ১৪০ কেজি ভারতীয় জিরা ও গাড়িটি জব্দ করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।








