ডেস্ক রিপোর্ট।।
জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে সংগঠনটির বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টায় শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে জাতীয় নাগরিক পার্টির নেতা রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাব্বির হাসান, ইঞ্জিনিয়ার লিখন মিয়া, তান্না ইসলাম, ফিরোজ আহম্মেদ, মহন সরকার, আরিফ সাফফারী, আলমগীর কবীর মিথুন ও মানোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে। তাই অবিলম্বে এই সংগঠনের বিচার ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
তারা আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁসহ পলাতক নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই দাবিগুলো বাস্তবায়িত না হলে জুলাই-আগস্টের মতো আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।” একইসঙ্গে রাষ্ট্র সংস্কার করে একটি গণপরিষদ নির্বাচনের দাবি জানান তারা।








