নিজস্ব প্রতিনিধি:
অগ্নিযুগের সিংহপুরুষ, ব্রিটিশবিরোধী আন্দোলন ও মানবমুক্তির সংগ্রামের অগ্রনায়ক বিপ্লবী রবি নিয়োগীর ১১৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে তাঁর জন্মভূমি শেরপুরে। বুধবার (৩০ এপ্রিল) শহরের নিউমার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তাঁর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, রবি নিয়োগী কেবল একজন রাজনীতিকই নন, তিনি ছিলেন সমাজ সংস্কারক, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি কালাপানি যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রায় ৩৪ বছর কারাভোগ করেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক ‘সংবাদ’ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে তিনি সমাজের অসংগতি তুলে ধরেন এবং মানুষের পক্ষে সোচ্চার হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার। বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন।
জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেডিকেল ও আইন বিষয়ে পড়ুয়া দরিদ্র পরিবারের দুই নারী শিক্ষার্থীর মাঝে মানবিক সহায়তার অর্থ প্রদান করা হয়।
বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ৩০ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে পরলোকগমন করেন। তাঁর সংগ্রামী আদর্শ আজও প্রাসঙ্গিক এবং প্রেরণাদায়ক বলে উল্লেখ করেন বক্তারা।








