নিউজ ডেস্ক।।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “নিশ্চয়ই ঈদের দিন মুসলমানদের জন্য আনন্দ ও খুশির দিন”। (আবু দাউদ)
সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও ঈদুল ফিতর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৮:৩০ মিনিটে নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন নেত্রকোণা পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব। জামাতে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুলসংখ্যক মুসল্লি।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি এবং জনগণের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জামাত শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তা, সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, “ঈদ হল সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। আমাদের সকলের উচিত পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করা।”
এভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় ঈদুল ফিতর উদযাপিত হলো।








