ডেস্ক রিপোর্ট | দৈনিক শেরপুর
তারিখ: ২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মারিচালি গ্রামের এক যুবক ইয়াসিন শেখ (২২) প্রাণ হারিয়েছেন। ঢাকার পল্লবীতে বঙ্গবন্ধু কলেজের ডিগ্রি বিভাগের ছাত্র ছিলেন ইয়াসিন।
তিনি রুশ সেনাবাহিনীর হয়ে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইউক্রেনে যুদ্ধ করছিলেন। গত ২৭ মার্চ ইউক্রেনে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকার পল্লবীতে বঙ্গবন্ধু কলেজের ডিগ্রি বিভাগের ছাত্র ছিলেন ইয়াসিন। পরে রাশিয়ায় পাড়ি জমান। ঢাকায় রুশ ভাষা শেখার পর এক বন্ধুর মাধ্যমে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি নেন তিনি। তবে কীভাবে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন, তা পরিবারের সদস্যরাও জানেন না।
নিহতের মা ফিরোজা খাতুন বলেন, “তার বাবার স্বপ্ন ছিল ছেলেটা সেনাবাহিনীতে যাবে। তাই সে রাশিয়ায় গিয়ে রুশ বাহিনীতে যোগ দিয়েছিল। কিন্তু এখন শুধু ছেলের মরদেহটা ফেরত চাই। আমরা ঋণ করে বিদেশ পাঠিয়েছিলাম, এখন সব শেষ।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঈদের পরের দিন মঙ্গলবার বিকেলে ইয়াসিনের সহযোদ্ধা মেহেদী তার মৃত্যুর খবর দেয়। এরপর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, “ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। সরকারি সহযোগিতায় মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।








