মোঃ নমশের আলম :
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫
জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকা থেকে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার পিস Gillette ব্লেড ও একটি মাইক্রোবাসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ জুলাই) ভোরে সিপিসি-১, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল জানতে পারে যে কুড়িগ্রামের রৌমারী সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় Gillette ব্লেড অবৈধভাবে সংগ্রহ করে দেওয়ানগঞ্জ থেকে মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক সাড়ে ৭টায় জামালপুর সদর থানাধীন কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া ‘মের্সাস রোকেয়া ফিলিং স্টেশন’ এর সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস আটক করে র্যাব। তল্লাশি চালিয়ে ভারতীয় Gillette ব্লেডের এই বিশাল চালান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা– আব্দুস সামাদ, সাং– খরমা মধ্যপাড়া, থানা– দেওয়ানগঞ্জ, জেলা– জামালপুর ও মোঃ আবুল খায়ের (২২), পিতা– মোঃ আসাদুজ্জামান, সাং– গামারিয়া, থানা– দেওয়ানগঞ্জ, জেলা– জামালপুর।
জিজ্ঞাসাবাদে তারা ব্লেডের চালান বহনের কথা স্বীকার করেছে। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে এভাবে চোরাচালান চক্র গোপনে অবৈধ পণ্য দেশের ভেতরে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে জামালপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।








