নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের সমন্বয়ে ১১টি প্রশিকিউশন মামলা করা হয় এবং নগদ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নকলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মাসুম মিয়া ও নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টিএসআই মাহফুজুর রহমান। এসময় সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএসআই মাহফুজুর রহমান জানান, “অনুমোদিত কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত থ্রি-হুইলার আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে আটককৃত যানবাহনের বিরুদ্ধে ১১টি মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।








