মোঃ নমশের আলম :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী ও গারো পাহাড়ে অবৈধভাবে বালু উত্তোলন রোধে রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
অভিযানকালে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মো. নুর মোহাম্মদ (২০) নামের এক যুবককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ৩টি ট্রলি ও ১টি বালুবোঝাই মাহিন্দ্র ট্রাক আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদকে রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী শেরপুর জেলার সকল বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরও কিছু প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “আমাদের পরিচালিত অভিযানের ফলে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।”








