নিজস্ব প্রতিবেদক।।
শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খবরের ভিডিও লিংক:
রোববার (১ জুন) দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পাশের এলাকা থেকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
পুলিশ জানায়, শনিবার বিজিবির একটি নিয়মিত টহল দল পানিহাতা মিশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ১১ জন নারী, পুরুষ ও শিশুকে দেখতে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রথমে জানায়, পাহাড় দেখতে এসেছে। তবে কথাবার্তায় অসামঞ্জস্য থাকায় বিজিবি সদস্যরা আরও জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে— কয়েক বছর আগে কাজের খোঁজে পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছিল এবং এবার সেখান থেকে অবৈধ পথে ফিরে এসেছে।
আটককৃতদের সবার বাড়ি খুলনা ও নড়াইল জেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।








