নিউজ ডেস্ক:
শেরপুরের শ্রীবরদী পৌর শহরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২১ মে) রাতে পৌর শহরের উত্তর বাজার এলাকার সুইপার কলোনিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীবরদী সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুনতাসির মহিউদ্দিন শান্ত। সুইপার কলোনির দুইটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও সেবনের কাজে ব্যবহৃত কল্কি উদ্ধার করা হয়। আটক করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।
আটককৃতরা হলেন—সুইপার কলোনির মৃত ফাকুয়া হরিজনের পুত্র শ্রী উজ্জ্বল হরিজন (৩৫), শ্রী দিলীপ হরিজন (৩২) এবং পূর্ব ছনকান্দা গ্রামের আলাল উদ্দিনের পুত্র পাভেল (৩০)।
পরবর্তীতে রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। আদালত তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড দেন। রাত ১১টার দিকে দণ্ডপ্রাপ্তদের শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সুইপার কলোনিসহ আশপাশের এলাকাগুলোতে মাদক ব্যবসা করে আসছিল কিছু চিহ্নিত মাদকচক্র। সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।








