ঝিনাইগাতীতে চার মামলার জেল পলাতক আসামি বিপ্লব সাংমা আটক
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের গোপন অভিযানে গ্রেফতার
দৈনিক শেরপুর রিপোর্ট :
অস্ত্র ও ডাকাতিসহ চার মামলার জেল পলাতক আসামি বিপ্লব সাংমা (৩৭) কে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে হামলা চালিয়ে প্রায় ৫১৮ জন হাজতী ও কয়েদিকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর পলাতকদের তালিকা প্রস্তুত করে র্যাব অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঝিনাইগাতী থানার গজনী এলাকার বাসিন্দা এবং হাজতী নম্বর ৩৫৮৩/১৮ বিপ্লব সাংমা ওই এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ২০ মে রাত ১১টার দিকে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, বিপ্লব সাংমার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পলাতক সব আসামিকে ধরতে অভিযান অব্যাহত থাকবে।








