অনলাইন ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় কেয়ারটেকার মো. উজ্জল (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে চুরি হওয়া ৭৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গাজীপুর সদর থানার মৌবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, কক্সবাজারের হোটেল সী প্যালেস-এর মালিক এ.এস.এম. আলাউদ্দিন ভূঁইয়ার রাজধানীর পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থিত বাসায় গত ২ মে একটি বড় ধরনের চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিন ভূঁইয়া ১০ মে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বাসার কেয়ারটেকার উজ্জল ১ কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা) ও ৭ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়ে যায়।
মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূঁইয়া ৩ মে কক্সবাজারে যান এবং ৬ মে ফিরে এসে ৮ মে মেয়ের সঙ্গে বাসার আলমারি খুলে চুরির বিষয়টি নিশ্চিত হন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ২ মে সন্ধ্যায় উজ্জল ক্যামেরাগুলোর দিক ঘুরিয়ে দিয়ে মালিকের কক্ষে প্রবেশ করে এবং পরদিন দুপুরে একটি ব্যাগ নিয়ে বাসা ছাড়ে। উজ্জল তার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চী হিসেবে কাজ করত এবং ২০১৯ সাল থেকে ঢাকার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জল বাসার যাবতীয় কাজ করত এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানত।
পুলিশ জানায়, চুরি তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় উজ্জলের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাজীপুরের মৌবাগে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেখানকার আলমারি থেকে উদ্ধার করা হয় ৬০ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে উজ্জল জানায়, চুরি করা টাকার অংশ দিয়ে সে একটি ফ্রিজ ও আলমারি কেনে এবং ১৪ লক্ষ টাকা লুকিয়ে রাখে গাজীপুরের শিমুলতলী বাজার এলাকার ভগ্নিপতির বাড়িতে। পুলিশ পরে সেখান থেকে ওই টাকা উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উজ্জল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। মামলার অপর দুই আসামি—উজ্জলের স্ত্রী নাসরিন ও তার মা লুৎফার—গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে চুরি হওয়া অবশিষ্ট অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।








