নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় দিনদুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর থেকে শিক্ষক ও সাংবাদিক হাসান মিয়ার সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে ফরহাদ ক্যাডেট একাডেমীর বাউন্ডারির ভিতরে থাকা অবস্থায় অজ্ঞাত চোর তার সাইকেলটি চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী হাসান মিয়া জানান, সংসার ও পড়ালেখার খরচ চালাতে তিনি ওই একাডেমিতে অতিথি শিক্ষকতা করতেন। পাঠদানে ব্যস্ত থাকার সুযোগে সাইকেলটি চুরি হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি নকলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠান এখন চুরচক্রের নিশানায় পরিণত হচ্ছে। পুলিশ ও প্রশাসনের তৎপরতা বাড়ালে এসব চুরি রোধ সম্ভব বলে মনে করেন তারা।








