নিউজ ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ২৪ বোতল মদসহ একজন সিনিয়র আইনজীবী ও দুই সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার শিমুলতলা মহাখালী ও শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আইনজীবীর নাম সুধাংশু কালোয়ার (৫৫)।
এছাড়াও একই রাতে পৃথক অভিযানে কাকরকান্দি বাজার এলাকা থেকে ৫০০ কেজি ভারতীয় চিনি ও শহরের গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেলে থাকা ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং চালক নিবির সাংমা ও মদ সরবরাহকারী মফিজুল ইসলামকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে মদ গ্রহণের সময় আইনজীবী সুধাংশু কালোয়ারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিবির সাংমা ও মফিজুল ইসলামের বাড়ি কালাকুমা গ্রামে।
একই রাতে কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সামনে একটি অটোরিকশা থেকে ৫০০ কেজি চোরাই ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এসময় চালক রাজু মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, শহরের গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন ওরফে জুলফিকার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”








