নিজস্ব প্রতিনিধি:
ঢাকা জেলার আশুলিয়া থানার একটি শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. হৃদয় (২৩)–কে শেরপুর জেলার শ্রীবরদী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হৃদয় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকোরা কামারদহ এলাকার বাসিন্দা। তার দুই বোন ভুক্তভোগীর পরিবারের বাসায় ভাড়া থাকতেন। এ সুবাদে হৃদয় ওই বাসায় যাতায়াত করতেন এবং নাবালিকা ভুক্তভোগীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।
২০২৪ সালের ১০ মার্চ সকাল ৯টার দিকে বই কেনার কথা বলে বাসা থেকে বের হলে হৃদয় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ১৫ মার্চ ভিকটিমকে উদ্ধার করা হলেও হৃদয় পলাতক ছিল।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আশুলিয়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় একটি মামলা (নং ৪২, তারিখঃ ১৬/০৩/২০২৪) দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে রাত ৯টা ২০ মিনিটে শ্রীবরদী থানার কাকিলাকোরা কামারদহ এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে।
পরবর্তীতে আইনানুগ কার্যক্রমের অংশ হিসেবে গ্রেফতারকৃত আসামিকে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা বা অপরাধের ক্ষেত্রে তারা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।








