দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের ঢেউপা ও সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
২৬ এপ্রিল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা পাঁচ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে এই অভিযান পরিচালিত হয়।
এই খবরের ভিডিও দেখুন:
https://youtu.be/jsEtFVMZgf0
অভিযানকালে চান্দাপাড়া ব্রিজ, মেঘদল ব্রিজ, বাবেলাকোনা, হারিয়াকোনা জিরো পয়েন্ট হাইস্কুল সংলগ্ন সোমেশ্বরী নদীর বালিজুরি এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২টি ড্রেজার মেশিন অপসারণ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মাচা ভেঙে ফেলা হয়।
এছাড়া, তাওয়াকুচা এলাকায় দৃশ্যমান আনুমানিক ৩০-৩৫টি মাচা ভেঙে ফেলার জন্য ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, পুলিশ বাহিনী এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলা প্রশাসনের নির্দেশে জেলার সবকটি বালু মহল বন্ধ ঘোষণা করা হলেও সরকারি নির্দেশ অমান্য করে শ্রীবরদীর সিংগাবরুনা ও রানীশিমুল ইউনিয়নের খরস্রোতা ঢেউপা ও সোমেশ্বরী নদী থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় সঙ্ঘবদ্ধ বালু চোরাচালান চক্র।








