নিজস্ব প্রতিবেদক, দৈনিক শেরপুর:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের পৃথক দুটি অভিযানে ৮৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রাতে প্রথম অভিযানটি চালানো হয় নালিতাবাড়ী থানাধীন রাজনগর ইউনিয়নের পশ্চিম চাঁদগাঁও এলাকায়। এসময় মোঃ আমিনুল ইসলাম (২০), পিতা- নুর মোহাম্মদ, সাং-সমপুড়া, থানা-নালিতাবাড়ী, জেলাঃ শেরপুরকে ৬২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ ৩৭,৮৭৫ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ তেষট্টি হাজার টাকা।
অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয় নালিতাবাড়ী থানাধীন গোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকায়। এ অভিযানে মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-মৃত জহুরুল ইসলাম, সাং-গোমরা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুরকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ ১৫,৭৫০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য তেষট্টি হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আলামতসহ শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।








