অনলাইন ডেস্ক।।
রাজধানীর শাহবাগ এলাকায় টেস্ট ড্রাইভের কথা বলে প্রতারণার মাধ্যমে একটি দামি টয়োটা হেরিয়ার জীপ ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া গাড়ি, একটি বিদেশি পিস্তল ও গুলি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। পুলিশের অভিযানে তার কাছ থেকে একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কীভাবে ছিনতাই হলো গাড়িটি?
পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত “হইল ডিলস্” নামে একটি গাড়ির শো-রুমের মালিক মাশরুর নাঈর জানান, গত ৭ মার্চ সন্ধ্যায় এক ব্যক্তি তাকে ফোন করে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরদিন রাত সাড়ে সাতটার দিকে ওই ব্যক্তি তার বাসার গ্যারেজে এসে গাড়িটি দেখতে আসেন।
পরে টেস্ট ড্রাইভের জন্য গাড়ির মালিকের চাচাতো ভাই মোঃ পিয়াল মাহমুদকে নিয়ে তারা তিনজন অজ্ঞাত ব্যক্তি গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে পৌঁছে তারা পিয়াল মাহমুদের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে নামিয়ে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
গাড়ির আনুমানিক মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। ঘটনার পর ছিনতাইকারীরা গাড়ির মালিককে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয়।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে। এরপর গত ২৪ মার্চ রাত ৩:১৫ মিনিটে গুলশান থানার ৪১ নম্বর রোডের আমারি ঢাকা হোটেলের সামনে অভিযান চালিয়ে আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া টয়োটা হেরিয়ার জীপ, একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে “Made in China” এবং গুলির পিছনে “KF 7.65” লেখা রয়েছে।
আহসান আহমেদ ওরফে মাসুম কে?
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আহসান আহমেদ বুয়েটের সাবেক শিক্ষার্থী। প্রযুক্তিতে দক্ষ হওয়ায় সে বিভিন্ন অপরাধ সংঘটনে কৌশল অবলম্বন করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে পেশাদার অপরাধী এবং এর আগেও একাধিকবার দামী গাড়ি ছিনতাই করেছে। ছিনতাই করা গাড়ির বিনিময়ে মালিকদের কাছ থেকে অর্থ আদায় করাই ছিল তার কৌশল।








