নিজস্ব প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া গ্রামে নালায় ডুবে জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পাঁচ শিশু মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে হঠাৎ করে তিন শিশু পানিতে ডুবে যায়। তাদের মধ্যে ছিল আপন জমজ বোন নিলা ও শিলা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে।
তবে উদ্ধার করার পর চিকিৎসক নিলা ও শিলাকে মৃত ঘোষণা করেন। অপর একজন শিশুকে গুরুতর অবস্থায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই বোনের বাবা পেশায় একজন দরিদ্র রিকশাচালক। তারা স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ছিল। একই সঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








