নিউজ ডেস্ক:
শেরপুরের ঝিনাইগাতীতে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মারপিটের মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গারো সম্প্রদায়ের বাসিন্দারা। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মরিয়মনগর খ্রিস্টান মিশনের সামনে চারটি গ্রামের উপজাতীয় জনগণের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলপনেস চিরান। এতে বক্তব্য রাখেন বারুয়ামারি গ্রাম কাউন্সিলের সাধারণ সম্পাদক উইলিয়াম চিরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ, উপজেলা গারো ছাত্র সংসদের সাবেক সভাপতি রুনো নকরেকসহ বারুয়ামারি, ভাটপাড়া, ভারুয়া ও গজারীকুড়া গ্রামের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, গত ২০ এপ্রিল স্টার সানডে প্রোগ্রাম শেষে সুবীর গান্ধাই নামের একজন গারো যুবক অতিরিক্ত মদপান করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় যুবকরা বাড়িতে পৌঁছে দেন এবং পরে জেলা হাসপাতালে ও সেখান থেকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
এই দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কয়েকজন নিরীহ গারো যুবকের বিরুদ্ধে মিথ্যা মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা। তবে এ ঘটনায় থানায় এখনো মামলা রেকর্ড হয়নি। অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানান ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন।
সমাবেশে উপস্থিত গারো সম্প্রদায়ের মানুষ অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।








