দৈনিক শেরপুর রিপোর্ট।।
শেরপুরের সীমান্তঘেঁষা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই আদিবাসী — নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫)। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে মাটির একটি গভীর কূয়া খননের সময় অক্সিজেন স্বল্পতায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীলমোহন কোচের ছেলে এবং নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের সন্তান। তারা পরস্পরে ভায়রা ভাই।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নারায়ণ কোচ নিজ বাড়ির জন্য পানি সরবরাহের উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে একটি কূয়া খননের কাজ করছিলেন। কূয়ার খনন শেষ হলেও নিচে কিছু ময়লা-আবর্জনা জমে ছিল। তাই পরিষ্কারের উদ্দেশ্যে তিনি বাঁশের সাহায্যে নিচে নামেন। গভীরে অক্সিজেনের অভাবে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে নিরঞ্জন কোচও একইভাবে কূপের নিচে পড়ে যান।
খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের গভীরে অক্সিজেনের ঘাটতিই মৃত্যুর কারণ। বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এই হৃদয়বিদারক ঘটনায় শালচুড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দুই কর্মঠ মানুষ, দুই পরিবার – একসাথে হারিয়ে গেলো দুটি জীবন, রেখে গেলো অজস্র প্রশ্ন আর কষ্টের দীর্ঘশ্বাস।








