সামিত সোম। সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক।।
হামজার পর এবার সামিত সোম! বাংলাদেশের ফুটবলে নতুন এক চমকের নাম এই কানাডা-প্রবাসী মিডফিল্ডার। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সামিত সোম জানিয়ে দিয়েছেন—তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সামিতের সম্মতির পরপরই তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। লক্ষ্য, আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তাকে মাঠে নামানো।
বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন সামিত। এর আগে তিনি কানাডার অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২১ ও জাতীয় দলের হয়েও খেলেছেন। ফলে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে ফিফার ছাড়পত্র প্রয়োজন হবে। বাফুফে আশাবাদী, কোনো জটিলতা ছাড়াই অনুমোদন মিলবে।
প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পথ ধরে বাংলাদেশের ফুটবলে আলো ছড়িয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে দুর্দান্ত অভিষেক দিয়ে তিনি হৃদয়ে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের। সেই আবেগ সামিতকেও ছুঁয়ে গেছে। হামজার আগমনের পরই জাতীয় দলে খেলার আগ্রহ দেখান তিনি। জাতীয় দলের ভবিষ্যৎ সূচি নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
সময়সীমা, পাসপোর্ট প্রক্রিয়া ও ফিফার ছাড়পত্র—সবকিছু মিলিয়ে সামিত যদি সিঙ্গাপুর ম্যাচে অভিষেক করতে পারেন, তবে তা হবে বাংলাদেশের ফুটবলে আরেকটি ঐতিহাসিক মাইলফলক।








