ছবি সংগৃহীত: নিহত কলেজ ছাত্র নাইম বাদশা
অনলাইন ডেস্ক।।
শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় ঘটনাকে কেন্দ্র করে বাল্যবন্ধু সহপাঠির ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছেন! এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
স্কুল জীবনের সহপাঠী বাল্য বন্ধুর ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ডেকে নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে নাইম বাদশা নামের ওই কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করেছে পুলিশ।
খবরের ভিডিও দেখুন:
https://youtu.be/Be24xW3kKgI
আজ শনিবার (২৯ মার্চ) সকাল দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা পার্শ্ববর্তী নয়াবিল গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদ (২০), যিনি গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। নিহত নাইম বাদশা এবং অভিযুক্ত সবুজ আহমেদ আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহপাঠী ছিল। সবুজের একটি ফেসবুক পোস্টে “হা হা”দেয় নাইম বাদশা। এর জেরে সবুজ ক্ষিপ্ত হয়ে নাইম বাদশাকে হুমকি দেন।
শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয় এবং একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুরিকাঘাত করে।
আশপাশের লোকজন নাইমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে আটক করে এবং পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হবে। অভিযুক্ত সবুজ আহমেদকে আটক রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।








