নিউজ ডেস্ক।।
শেরপুরের শ্রীবরদীতে সারের বস্তা বদল করে যমুনা সার কারখানার নকল সিল সম্বলিত বস্তা ব্যবহার করে ভেজাল সার বিক্রি করার দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ সংলগ্ন মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জালাল উদ্দিনকে এই জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যমুনা সারকারখানার নকল মোড়ক ব্যবহার করে কৃষকদের কাছে ভেজাল সার বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন এবং উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ হুমায়ুন দিলদার সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন বলেন, “এ ধরনের অপরাধ করে কেউ ছাড় পাবে না।”








