নিউজ ডেস্ক।।
মিয়ানমারে আবারো গোলাগুলি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টার পর থেকে গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে।
ওপারে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে সেন্টমার্টিনের বাড়িঘর কাঁপছে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। এতে কক্সবাজারের সীমান্তের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, আজ বিকেল ৩টার পর থেকেই ওপার থেকে প্রচণ্ড গোলাগুলি শব্দ পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের শব্দে সেন্টমার্টিনও কাঁপছে। ফলে স্থানীয়রা আতঙ্কে আছেন। তবে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত শাহপরীর দ্বীপ সীমান্তে নাফ নদীর মিয়ানমার জলসীমায় আবারও মিয়ানমারের ‘যুদ্ধজাহাজ’ অবস্থান করতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। জাহাজটি সরে যাওয়ার পর থেকে বিস্ফোরণের শব্দ বেড়ে গেছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নাফ নদীসহ সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।








