নকলা (শেরপুর) প্রতিনিধি :
পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত চারা গ্রহণ করেন এবং পরে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কর্মসূচির অংশ হিসেবে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল, জাম, নীম এবং কদবেল গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী জানান, উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫ হাজার ১৫০টি চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—১ হাজার ৪০০টি করে কাঁঠাল, জাম, কদবেল ও নীম, ৬৫০টি নারিকেল গাছের চারা, ৩০০টি তালের চারা
তিনি বলেন, “আগামী কয়েক বছরের মধ্যেই এই গাছগুলো স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হবে।”








